কর্পোরেট ব্যক্তিত্বদের হাতে দেশের ফুটসাল

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৬:০০ পিএম

বয়সে তরুণ হলেও ফুটবল অভিজ্ঞতায় একেবারে পিছিয়ে রাখার সুযোগ নেই তাবিথ আউয়ালকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব নিয়েছেন বেশিদিন হয়নি। কাজী সালাউদ্দিনের ১৬ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে তরুণদের নিয়ে দেশের ফুটবল উদ্ধারের কাজ করছেন তাবিথ। যেখানেই পারছেন তরুণ ও উদ্যোমীদের যুক্ত করছেন তিনি। ছয় মাস ধরেই গঠন করছেন বিভিন্ন উপ-কমিটি। বৃহস্পতিবার যেমন বাফুফে প্রকাশ করেছে নবগঠিত ফুটসাল কমিটি। যেখানে তাবিথ সুযোগ দিয়েছেন এক ঝাঁক কর্পোরেট ব্যক্তিত্বদের। দেশের ফুটসালকে চাঙ্গা করে তোলা এবং আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে তাবিথ বেছে নিয়েছেন তরুণদেরকেই। লায়লা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দেশে কর্পোরেট ফুটবলকে এগিয়ে নিতে দীর্ঘদিন ধরে কাজ করা মো. ইমরানুর রহমানকে করা হয়েছে চেয়ারম্যান। দেশের প্রখ্যাত পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফকির ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদকে করা হয়েছে ডেপুটি চেয়ারম্যান। এছাড়াও ফুটসালের সঙ্গে যুক্ত আরও সাতজন ব্যক্তিত্বকে রাখা হয়েছে কমিটিতে।

বছরের পর বছর কমিটি থাকলেও ছিল না ফুটসাল নিয়ে তেমন কোন উদ্যোগ। বাফুফের নির্বাহী সদস্য ও আবাহনী লিমিটেডের ফুটবল ম্যানেজার সত্যজিৎ দাস রুপু ছিলেন বিগত মেয়াদে ফুটসাল কমিটির দায়িত্বে। তবে একটি সভাও করেননি জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। অথচ দেশে ধীরে ধীরে ফুটসাল জনপ্রিয় হয়ে উঠছে। সরকারি-বেসরকারিভাবে সারা দেশেই ছড়িয়ে আছে অসংখ্য ফুটবল টার্ফ। যেখানে সিক্স-এ-সাইড থেকে এইট-এ-সাইড ফুটবল চলে হরদম। খুদে ফুটবলার থেকে শুরু করে মধ্যবয়স্ক এমনকি বয়স্করাও স্বাস্থ্য সচেতন থাকতে ঝুকছেন ফুটসালে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের উদ্যোগে মাঠ তৈরি করছে শিক্ষার্থীদের খেলার সুবিধার্থে। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানও কৃত্রিম টার্ফ বসিয়ে সুযোগ করে দিচ্ছে তাদের কর্মীদের ফুটসালের সুস্থ চর্চার। এ অবস্থায় বাফুফে স্রোতের সঙ্গে তাল মিলিয়ে ফুটসাল এবং বিচ ফুটবলকে চাইছে জাগিয়ে তুলতে। তাই নিয়মিত ফুটসাল আয়োজন করা এবং বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেওয়া ব্যক্তিদের বেঁছে নিয়েছে দেশের ফুটসালকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে।

বাফুফের ফুটসাল কমিটির নতুন চেয়ারম্যান মো. ইমরানুর রহমান ও ডেপুটি চেয়ারম্যান ফকির কামরুজ্জামান নাহিদ

ঢাকার পূর্বাচলে ইমরানুর রহমান সম্প্রতি গড়ে তুলেছেন আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন ফুটসাল গ্রাউন্ড। সেখানে নিয়মিত তিনি কর্পোরেট লিগ আয়োজন করেন। নিজস্ব গণ্ডি ছাড়িয়ে এখন ইমরানুরকে ভাবতে হবে সারা দেশের ফুটসাল নিয়ে। সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই তরুণ ব্যবসায়ী দেশ রূপান্তরকে বলেন, 'আমি বাফুফের সভাপতি তাবিথ ভাই ও সহ-সভাপতি ফাহাদ ভাইসহ সকল বোর্ড সদস্যদের ধন্যবাদ জানাই। আমি তাদের প্রতি কৃতজ্ঞম তারা যোগ্য মনে করেছেন যে আমি দেশের ফুটসাল নিয়ে কিছু করতে পারবো। আমাদের ফুটসাল নিয়ে অনেক স্বপ্ন। আমরা কমিটির যারা আছে সবাই মিলে দেশে অনেক ফুটসাল খেলোয়াড় আছেন, তাদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে যাতে তারা এশিয়ান পর্যায়ে এবং ফিফার বিভিন্ন ইভেন্টে অংশ নিতে পারেন। আমরা যদি ফিফার বড় কোন আসরে বাংলাদেশ দল নিয়ে প্রতিনিধিত্ব করতে পারি, সেটাই হবে বড় অর্জণ আমাদের জন্য।' কমিটির বাকী সদস্যদের ব্যাপারে ইমরানুর বলেন, 'কমিটিতে অনেকেই আছেন, যারা বহু বছর ধরে ফাইভ-এ-সাইড, সিক্স-এ-সাইড, সেভেন-এ-সাইড, এইট-এ-সাইড ফুটসালগুলো আয়োজনের সঙ্গে যুক্ত এবং তাদের প্রতিষ্ঠানগুলো খেলায় নিয়মিত অংশ নিয়ে থাকে। তারা অনেক ফুটবলারকে চাকুরি দিয়েছেন। তারা ফুটবলকে ভীষণ ভালোবাসেন। এই কমিটি নিয়ে আমি অনেক সন্তুষ্ট এবং একসঙ্গে কাজ করে ফুটসাল নিয়ে স্বপ্ন পূরণ করতে চাই।'

কর্পোরেট ব্যক্তিত্বদের হাতে ফুটসালের দায়িত্বে ছেড়ে দেওয়ার বিষয়ে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, 'বিগত কয়েক বছর ধরে পুরানো মুখদেরই দেখতাম বিভিন্ন কমিটিতে থাকতে। তবে আমরা চেয়েছি যারা সত্যিকারে কাজ করতে চান, এরকম ব্যক্তিদের বিভিন্ন কমিটিতে নিয়ে আসতে। ফুটসালের সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত আছেন এমন ব্যক্তিদের নিয়ে আমরা কমিটি করেছি। আশা করছি দেশের ফুটসাল তাদের নের্তৃত্বে একটা ভালো পর্যায়ে পৌঁছবে।'

ফুটসালের পূর্ণাঙ্গ কমিটি

ফুটসাল কমিটিতে ব্যবসায়ী ছাড়াও বেসরকারী পর্যায়ে চাকুরিজীবি এবং সেনাবাহিনীর একজন অফিসার রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত