জমি দখলে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়নি কেউ

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ পিএম

চট্টগ্রাম নগরে জমি দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে অস্ত্র হাতে একদল যুবকের দৌড়াদৌড়ির ঘটনায় কেউ আটক হয়নি। বুধবার বিকেলে বায়েজিদ বোস্তামী থানার শান্তিনগর এলাকায় ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু পুলিশ পৌঁছার আগেই জমি দখল করতে আসা একদল সন্ত্রাসী পালিয়ে গেছে। অস্ত্র হাতে দৌড়াদৌড়ির বিষয়টি শুনেছি। তবে ঘটনার তদন্ত চলছে। 

নগর পুলিশের এই কর্মকর্তা জানান, আওয়ামী লীগ সরকার আমলে ইলিয়াছ নামে এক সন্ত্রাসী অন্যের মালিকানাধীন জায়গাটি দখল করে। শেখ হাসিনা সরকার পতনের পর ইলিয়াছ লাপাত্তা হয়ে যায়। বুধবার বিকেলে আরেকদল সন্ত্রাসী জায়গাটি দখল করতে আসে।’

এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সাত থেকে আটজন যুবক দৌড়াদৌড়ি করছেন। এর মধ্যে পিস্তল হাতে ছিলেন দুজন এবং একজনের হাতে রয়েছে শটগান।

পুলিশ ও স্থানীয় সূত্র যুবকদের মধ্যে কয়েকজনের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন স্থানীয় মো. দেলু, মো. জহির, টিপু তালুকদার, মো. উজ্জ্বল, হাসান সাগর ও মো. করিম। এর মধ্যে হাসান সাগর ও টিপু তালুকদারের হাতে পিস্তল এবং শটগান হাতে মো. করিম দৌড়াচ্ছেন। তারা সবাই ‘সন্ত্রাসী’ সাইফুল আলমের অনুসারী হিসেবে পরিচিত।

ঘটনার ভুক্তভোগী মনির হোসেন বলেন, ‘আমার একটি জায়গা ইলিয়াস নামের একজন এত দিন দখল করে রেখেছিলেন। জায়গা ছেড়ে দেওয়ার জন্য তাকে আড়াই লাখ দেওয়ার পর এখন আরও আড়াই লাখ টাকা দাবি করছেন। সরকার পতনের পর ইলিয়াস সরে গেলেও ‘সন্ত্রাসী’ সাইফুল আলমের অনুসারীরা তা দখল করতে আসেন। ওই সময় তাদের প্রতিরোধ করতে আসেন ইলিয়াসের লোকজন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত