২ কোটি ২০ লাখ রুপিতে চেন্নাইয়ে 'বেবি এবি'

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৭:০১ পিএম

পেসার গুরজাপনিত সিং ইনজুরিতে পড়ায় তার বদলি হিসেবে চেন্নাই সুপার কিংসে যোগ দিলেন ডেওয়াল্ড ব্রেভিস। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা শুক্রবার এক বিবৃতিতে এই পরিবর্তনের কথা জানিয়েছে।

তামিলনাড়ুর পেসার গুরজাপনিতকে নিলামে ২ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল চেন্নাই। আসরে কোনো ম্যাচ না খেলেই ছিটকে যান তিনি। গত নভেম্বরে ২০২৫ আইপিএলের মেগা নিলামে অবিক্রিত ছিলেন ব্রেভিস। তার ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি। এবার ব্রেভিসকে ২ কোটি ২০ লাখ রুপিতে দলে নিল চেন্নাই। খেলার ধরনে এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে মিল থাকায় ব্রেভিসকে ডাকা হয় 'বেবি এবি' নামে।

ব্রেভিস ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিন বোলিংও করেন। প্রোটিয়াদের হয়ে এখন পর্যন্ত তিনি দুটি টি-টোয়েন্টি খেলেছেন ২০২৩ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। স্বীকৃত টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ৮১ ম্যাচে ১৪৪.৯৩ স্ট্রাইক রেটে করেছেন ১ হাজার ৭৮৭ রান।

এবারের আইপিএলে ৭ ম্যাচ শেষে মাত্র দুই জয়ে পয়েন্ট টেবিলের সবার তলানিতে আছে চেন্নাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত