পানিশূন্যতা কমাবে যে ফল

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম

গ্রীষ্মকালে শরীরে পানির অভাব দেখা দেয়। শরীরের পানিশূন্যতা দেখা দিলে ক্লান্তি এবং দুর্বলতা অনুভূত হয়। গরমে শরীর সুস্থ রাখার একমাত্র উপায় হলো পানি পান। এ সময়ে ভাজাভুজি, তেল-মসলাদার খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। সঙ্গে স্বাস্থ্যরক্ষা করতে খেতে হবে বেশি করে ফল, শাকসবজি। গরমে শরীর হাইড্রেটেড রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে জলীয় উপাদানযুক্ত ফল রাখতে পারেন। তবেই শরীর ঠা-া থাকবে। ফল শুধু পানির ঘাটতি পূরণ করে না, প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থও সরবরাহ করে।

 তরমুজ গ্রীষ্মের সবচেয়ে জনপ্রিয় ফল, যাতে ৯০% এরও বেশি পানি থাকে। এটি শরীরকে ঠা-া এবং পানিশূন্যতা রোধ করে। তরমুজে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ভিটামিন সি থাকে, যা শরীরে ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখে। এটি খেলে শরীর তাৎক্ষণিক শক্তি পায় এবং গরম থেকে স্বস্তি বোধ করে।

 গ্রীষ্মে শসা খাওয়া শরীরকে হাইড্রেটেড রাখার সবচেয়ে সহজ উপায়। এই ফলে পানির মাত্রা ৯৫ শতাংশ। ফল হিসেবে কাঁচা খাওয়া যায়। আবার কেউ কেউ শসা দিয়ে নানা পদ রান্নাও করে খান। শসায় রয়েছে ফাইবার এবং খনিজ পদার্থ, যা পাচনতন্ত্রের উন্নতি করে এবং শরীরকে ঠা-া রাখে। এটি সালাদ হিসেবে বা কাঁচা হিসেবে খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী

 ফুটি এটি এমন একটি ফল, যা গ্রীষ্মে শরীরকে ঠা-া রাখে। এতে প্রায় ৯০ শতাংশ পানি থাকে, যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। মিষ্টি গন্ধে ভরা ফুটির পুষ্টিগুণ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এই ফল খেলে শুধু পেট ঠা-া থাকে না, হজমশক্তিও উন্নত হয়। এতে উপস্থিত ভিটামিন এ এবং সি ত্বককে উজ্জ্বল করে এবং শরীরকে টক্সিনমুক্ত করে।

 আনারসে পানির মাত্রা প্রায় ৮৬ শতাংশ। টক-মিষ্টি স্বাদের এই ফলের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি। এই মৌসুমের ভাইরাল সংক্রমণ ঠেকাতে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন ভিটামিন সি খাওয়ার। গরমের সময় শরীর চাঙ্গা রাখতে নিয়ম করে এই ফল খেলে পানির ঘাটতি পূরণের সঙ্গে সুস্থ থাকা যায়।

 জামরুল একমাত্র গরমকালেই পাওয়া যায়। রক্ত পরিষ্কার রাখতে জামরুলের জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, এই ফল ব্লাড সুগারের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। তাই গরমে প্রতিদিন জামরুল খেলে শরীরে পানির ভারসাম্য বজায় থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত