মুন্সীগঞ্জের গজারিয়ায় বৈরী পরিবেশ উপেক্ষা করে নিখোঁজ বাল্কহেড শ্রমিক আতাবর আলীর (৬০) সন্ধান করছে নৌ ডুবরি দলের সদস্যরা।
সোমবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকেই নদীতে প্রচণ্ড বাতাস, ভারী বৃষ্টি হচ্ছে। নদীতে নামা ডুবুরি দেলোয়ার হোসেন বলেন, মানুষটার লাশের জন্য পরিবার অপেক্ষা করছে। তাই চেষ্টার কোন ক্রটি রাখতে চাই না।
এর আগে রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা মেঘনাঘাট বাজার সংলগ্ন নদীতে পড়ে আতাবর আলী নিখোঁজ হন। তিনি ঢাকার ধামরাই থানা ফুলতলা এলাকার বাসিন্দা।
ঘটনার প্রত্যক্ষদর্শী অপর শ্রমিক নজরুল ইসলাম জানান, মেঘনা নদীতে এসএম এন্টারপ্রাইজ ও তাহা এন্টারপ্রাইজ নামের দুটি বাল্কহেড পাশাপাশি নোঙ্গর করছিল। হঠাৎ বাতাসের গতি বাড়লে একটির সাথে অপরটির ধাক্কা লাগে। এ সময় উপরে থাকা আতাবর নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নৌ ইউনিটের ইন্সপেক্টর সারোয়ার খান বলেন, আমরা ঢাকা থেকে এসে সকাল ৮টায় নদীতে নামি। লাশ না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।
