রোনালদোকে ২০২৬ বিশ্বকাপে চান কিংবদন্তি ফিগো

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৬:০৮ পিএম

৪০ বছর বয়সে হাজার গোলের মাইলফলকের দিকে ছুটে চলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুর্দান্ত ফিটনেস আর বল পায়ে তার ছুটে চলা দেখে যে কেউ বলতে বাধ্য হবে যে- বয়স একটা সংখ্যামাত্র। আল নাসরের জার্সিতে গোলের পর গোল করে যাওয়া রোনালদো কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন?

পর্তুগালের কিংবদন্তি ফুটবলার লুইস ফিগো মনে করেন, রোনালদোকে অবশ্যই আগামী বিশ্বকাপে খেলানো উচিত। কারণ, তখনও বর্তমান সময়ের মতোই তিনি কার্যকর থাকবেন। ফিগোর ভাষায়, ‘সে বিশ্বকাপে মূল একাদশে থাকতে পারে। সে এখনও অনেক কার্যকর। আমরা দেখতে পাবো সময় কী বলে। তবে রোনালদো বিশ্বজুড়ে এক অসাধারণ উদাহরণ—তার পেশাদারিত্ব, ফিটনেস ও প্রতিভা সত্যিই অনুকরণীয়।’

চলতি মৌসুমে আল নাসরের হয়ে ৩০ গোল করে ফেলেছেন রোনালদো। পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ২১৯ ম্যাচে করেছেন ১৩৬ গোল। তবে আগামী বিশ্বকাপের সময় তার বয়স হবে ৪২। রোনালদোর জন্য বয়স কোনো সমস্যা নয় বলেই মনে করেন ফিগো, ‘সে সবসময় গোল করবে—৪০-এ হোক, কিংবা ৪২-এ হোক, তাকে থামানো কঠিন। এখন সে গোলগুলো কতটা গুরুত্বপূর্ণ হবে, সেটা সময় বলবে। তবে আমরা পর্তুগিজরা চাইব, প্রতিটি গোলই হোক ফলাফল নির্ধারণকারী।’

পর্তুগাল যদি ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে এবং রোনালদো যদি খেলেন, তাহলে তিনিই হবে ছয়টি বিশ্বকাপ খেলা ইতিহাসের প্রথম ফুটবলার। রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিরও আগামী বিশ্বকাপ খেলা নিয়ে এখনো ধোঁয়াশা আছে। তবে রোনালদো যা ইঙ্গিত দিয়েছেন, তাতে হাজার গোলের মাইলফলক ছোঁয়ার আগে তিনি অবসর নিচ্ছেন না। তাই হয়তো আগামী বিশ্বকাপেও দেখা যেতে পারে পর্তুগিজ মহাতারকাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত