পাঁচ ম্যাচের সিরিজে দুর্দান্ত কামব্যাক করেছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। স্বাগতিক নেপালের কাছে প্রথম দুই ম্যাচ হেরে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল শ্রাবণী, বৃষ্টিদের। তবে দমে যাননি বাংলাদেশের মেয়েরা। তৃতীয় ম্যাচে আজ দুর্দান্ত জয় দিয়ে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে প্রাধান্য বিস্তার করে খেলে ২৬-২৩ পয়েন্টে দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ।
ভ্রমণ ক্লান্তির কারণে প্রথম ম্যাচে বাংলাদেশ সুবিধা করতে পারেনি। দ্বিতীয় ম্যাচে চোখে চোখ রেখে লড়াই করেও দেখতে হয় হার। প্রথম দুই ম্যাচ হেরে তেতে ছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা। শুরু থেকে আত্মবিশ্বাসী বাংলাদেশ প্রথম পয়েন্ট তুলে নেয় সফল রিভিউর মাধ্যমে। এরপর সুপার রেইড করে শ্রাবণী চারজন খেলোয়াড়কে বাইরে পাঠিয়ে চার পয়েন্ট আদায় করে নেন। এখান থেকেই যেন ম্যাচে আত্মবিশ্বাসের রসদ পেয়ে যায় বাংলাদেশ।
প্রতিপক্ষের খেলোয়ারকে সুপার ট্যাকল করেও বাড়তি পয়েন্ট আদায় করতে সমর্থ হন মেয়েরা। তবে পাঁচ পয়েন্টে পিছিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বাংলাদেশ। নেপালের ১৫ পয়েন্টের বিপরীতে বাংলাদেশের ছিল ১০ পয়েন্ট। বিরতির পর দল হিসেবে আরও জ্বলে ওঠে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে একটি লোনাও পায় বাংলাদেশ। নেপালের ১৫ পয়েন্টের বিপরীতে বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১৮-তে।
এই লিড আর হাত ছাড়া হতে দেননি শ্রাবণীরা। বাংলাদেশকে কোনঠাসা করতে ম্যাচে আক্রমণাত্মক পথ বেছে নেয় নেপালের খেলোয়াড়রা। ম্যাচের যখন দুই মিনিট বাকি তখন শ্রাবণীকে জোড়ে ধাক্কা দিয়ে ফেলে দেন নেপালের অধিনায়ক। আহত হন বাংলাদেশের অধিনায়ক। মাঠের বাইরে যেতে হলেও ফিরে আসেন কিছুক্ষণ পর। শেষ দিকে লড়াই আরও তীব্র হলেও ঠোটে হাসি নিয়েই খেলা শেষ করে বাংলাদেশ। সিরিজের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ এপ্রিল।
এএইচএফ কাপের সেমিফাইনালে বাংলাদেশ