মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁও তিব্বত মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে কোহিনূর কেমিক্যাল কোম্পানির শ্রমিকেরা। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা পৌঁনে ৩টার দিকে তিব্বতের প্রধান সড়কে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এতে মহাখালী থেকে সাতরাস্তা পর্যন্ত সড়ক যানচলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরাতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি সেনাবাহিনী সদস্যদেরও মোতায়েন করা হয়। প্রায় ৫ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর তারা সড়ক ছেড়ে দেন।
আন্দোলনকারীদের অভিযোগ, কোহিনূর কেমিক্যাল কোম্পানির কেমিক্যাল বিভাগের বিধান বাবু নামে ঊর্ধ্বতন এক কর্মকর্তা রাসুলুল্লাহ (সা.) কে নিয়ে আজেবাজে ও কটূক্তিকর মন্তব্য করেছেন। তার ফাঁসির প্রতিবাদে তারা বিক্ষোভ করছেন।
পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত কোহিনূর কেমিক্যালের কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এসব বিষয় তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শামীমুর রহমান বলেন, কোহিনূর ক্যামিক্যালের এক কর্মকর্তা রাসুলুল্লাহ (সাঃ)কে নিয়ে কটূক্তি করেছেন অভিযোগ এনে প্রতিষ্ঠানটির শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে বরখাস্ত করা হয়েছে। তবুও তারা সড়ক ছাড়তে চাননি। তাদের দাবি অভিযুক্তকে ফাঁসি দিতে হবে।
ওসি আরও বলেন, ‘বিক্ষোভকারীদের সঙ্গে আমি এবং আমাদের ডিসি স্যারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলেছি। এছাড়াও প্রতিষ্ঠাটির জিএমও কথা বলেছেন। তারা বলছেন অভিযুক্তকে এখনই ফাঁসি দিতে হবে। আসলে এই বিক্ষোভকারীদের সঙ্গে তৃতীয় কোনও পক্ষ ইন্ধন দিচ্ছিলো। যার ফলে তারা কোনও আইন মানতে চাচ্ছিলেন না। পরে ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের কথা জানালে রাত ৮টার দিকে তারা সড়ক ছেড়ে দেন।
এদিকে বিক্ষোভ চলাকালে ডিএমপি ট্রাফিক গুলশান বিভাগ তাদের ফেইসবুক পেইজে জানায়, তেজগাঁও এলাকার তিব্বত ক্রসিংয়ের পাশে অবস্থিত কোহিনুর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের এক ব্যক্তি হযরত মুহাম্মদকে (স.) নিয়ে কটুক্তি করায় কোম্পানিতে চাকুরিরত অনেক কর্মচারী রাস্তায় নেমে বিক্ষোভ করেন, এতে রাস্তার ইনকামিং এবং আউটগোয়িং সাময়িকভাবে বন্ধ রয়েছে। উত্তরা-কাকলী-বনানী হয়ে মহাখালী -তেজগাঁওগামী এবং তেজগাঁও থেকে মহাখালী টার্মিনাল হয়ে উত্তরামুখী রুটে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে জানিয়ে ওই পোস্টে বলা হয়, আপনাদেরকে চলাচলের জন্য আমতলী হয়ে মহাখালী রেল ক্রসিং ব্যবহার করে জাহাঙ্গীর গেইট রুট এবং আমতলী–গুলশান ১ হয়ে পুলিশ প্লাজা রুটে ডাইভারশন ব্যবহার করতে অনুরোধ জানানো হচ্ছে।
সীতাকুণ্ডে ১৪ বছরের শিশুকে বিয়ে করতে আসা ভারতীয় নাগরিককে অর্থদণ্ড