পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় জিদান (৬) নামে প্রথম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌরসভার এলএসডি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জিদানের বাবা, বড় বোন এবং ট্রাক্টর চালকের সহযোগী গুরুতর আহত হয়েছেন। আহতদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত জিদান উপজেলার চিলাহাটি ইউনিয়নের বলরামপুর এলাকার নজরুল ইসলামের ছেলে।
জানা যায়, সকালে নজরুল ইসলাম তার দুই সন্তানকে মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় এলএসডি মোড়ে পৌঁছালে দেবীগঞ্জ চৌরাস্তা থেকে দ্রুতগতিতে আসা একটি ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় জিদান, জিদানের বাবা, বোন ও ট্রাক্টর চালকের সহযোগী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু জিদানকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর চালক পালিয়ে যায়। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
