স্ত্রীর সঙ্গে ফুটবলার মোরসালিনের বিচ্ছেদ, মামলা প্রত্যাহার

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ পিএম

গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে জাতীয় ফুটবল দলের খেলোয়াড় শেখ মোরসালিনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ আদালতে এই আদেশ দেন।

মামলার বাদী ও মোরসালিনের সাবেক স্ত্রী সেঁজুতি বিনতে সোহেল আদালতে আবেদন করে জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় উভয়পক্ষের মধ্যে আপস হয়েছে। আদালত তার আবেদন গ্রহণ করে মামলা প্রত্যাহারের আদেশ দেন এবং মোরসালিনকে অব্যাহতি দেন। তবে দুজনের মধ্যে বিচ্ছেদ হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী ইশফাকুর রহমান গালিব বলেন, “দুই পক্ষের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তি হয়েছে। আপসনামার অংশ হিসেবে আজ আদালতে উভয়পক্ষ উপস্থিত ছিল।” 

জানা গেছে, মোরসালিন ও সেঁজুতি ২০২৩ সালের ২৯ নভেম্বর ৮ লাখ টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আপসনামা অনুযায়ী, মোরসালিন সেঁজুতিকে নগদ ৬ লাখ টাকা এবং বাকি ২ লাখ টাকার চেক দেন, যা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নগদায়নযোগ্য।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সেঁজুতি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, বিয়ের কিছুদিন পর থেকেই মোরসালিন তার কাছে ব্যক্তিগত গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন। গত ১০ ডিসেম্বর রাতে মোরসালিন সাভারে সেঁজুতির পিতার বাসায় গিয়ে সোজাসাপ্টা বলেন, ‘আমি খাবার খেতে আসিনি, ২০ লাখ টাকা নিতে এসেছি।’ তখন সেঁজুতির মা-বাবা অনুরোধ করলেও মোরসালিন তাদের গালাগাল ও হুমকি দেন।

মামলায় আরও বলা হয়, মোরসালিন শুধু যৌতুক দাবি করেই ক্ষান্ত হননি, তিনি সেঁজুতিকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন, যা যৌতুক নিরোধ আইনে দণ্ডনীয় অপরাধ।
উল্লেখ্য, এর আগেও মোরসালিন মাদক সংক্রান্ত এক ঘটনায় ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছিলেন। এছাড়া পরিবারের অনুমতি না নিয়েই সেঁজুতিকে বিয়ে করার বিষয়টি সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত