বোদা

আ. লীগ নেতা ফুলেল শুভেচ্ছা দেওয়ায় উপজেলা বিএনপির সভাপতিকে শোকজ 

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৫:১০ পিএম

আওয়ামী লীগ নেতা ফুলেল শুভেচ্ছা জানানোয় পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে তাকে এ নোটিশ দেওয়া হয়।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ স্বাক্ষরিত নোটিশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, আপনি বোদা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর বিগত ফ্যাসিস্ট দোসরদের দ্বারা আপনাকে অভিনন্দিত করার সম্মিলিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ন হয়েছে, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থি। এমন শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্র প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

জানা গেছে, গত ১৯ এপ্রিল বোদা উপজেলা বিএনপির সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন আব্দুল মান্নান। ২১ এপ্রিল রাতে বোদা ফ্রেন্ডস ক্লাবে সংগঠনটির সদস্য হিসেবে তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। এতে বোদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুল বিএনপি নেতা মান্নাকে ফুলের তোড়া দিচ্ছেন এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এছাড়া আরো অনেক ফ্যাসিস্ট তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সেই ছবির সূত্র ধরে তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে বলে জানা গেছে।

বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান বলেন, বোদা ফ্রেন্ডস ক্লাবে আমাকে ফুল দেওয়া হয়। এ নিয়ে আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এরইমধ্যে আমি পত্রটি হাতে পেয়েছি। ৭২ ঘণ্টার মধ্যে আমি জবাব দেব।

জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, আমরা নোটিশটি তাকে পাঠিয়েছি। নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে তাকে হাজির হয়ে লিখিত জবাব দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত