জর্ডানে মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৯:১৯ পিএম

জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামপন্থি বিরোধী দলটি নাশকতার ষড়যন্ত্রে জড়িত ছিল৷ জাতীয় নিরাপত্তা হুমকিতে ফেলার অভিযোগও করা হয়েছে গোষ্ঠীটির বিরুদ্ধে৷

জর্ডানে গুরুত্বপূর্ণ বিরোধী গোষ্ঠী মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার কর্তৃপক্ষ তাদের অফিস বন্ধ করে দিয়েছে এবং সম্পদ বাজেয়াপ্ত করেছে। জর্ডানে এই দলটি কয়েক দশক ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। অন্য অনেক আরব দেশে এটি আগে থেকেই নিষিদ্ধ।

স্বরাষ্ট্রমন্ত্রী মাজেন আল-ফারায়া বলেছেন, সিদ্ধান্তটি একটি নাশকতার ষড়যন্ত্রের প্রতিক্রিয়া হিসেবে নেয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। এই ষড়যন্ত্রে দলটির একজন নেতার ছেলে জড়িত ছিল বলেও জানিয়েছেন তিনি।

ফারায়া জানিয়েছেন, তথাকথিত মুসলিম ব্রাদারহুডের সকল কার্যকলাপ নিষিদ্ধ করার এবং যেকোনো কর্মকাণ্ড আইনের বিধান লঙ্ঘন বলে বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই গোষ্ঠীর মতাদর্শের যে কোনও প্রচারকারীকেও আইনের আওতায় আনা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রমাণিত হয়েছে এই গোষ্ঠীর সদস্যরা গোপনে কাজ করে এবং দেশকে অস্থিতিশীল করতে পারে এমন কার্যকলাপে লিপ্ত হয়। বিলুপ্ত মুসলিম ব্রাদারহুডের সদস্যরা নিরাপত্তা ও জাতীয় ঐক্যে হস্তক্ষেপ করেছে এবং নিরাপত্তা ও জনশৃঙ্খলা ব্যাহত করেছে।

গোষ্ঠীটির প্রকাশিত যে-কোনো কিছুর উপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে বলে জানিয়েছে জর্ডান সরকার। এই ঘোষণার পরপরই পুলিশ রাজধানী আম্মানে দলটির সদর দপ্তর ঘিরে ফেলে এবং তল্লাশি চালায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত