মহেশখালী থেকে অপহৃত মাদরাসাছাত্রী উদ্ধার, রোহিঙ্গা নারী আটক

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৪:২৪ পিএম

কক্সবাজারের মহেশখালী থেকে অপহৃত ষষ্ঠ শ্রেণির এক মাদরাসাছাত্রীকে তিন দিন পর বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালির গহীন পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণে জড়িত এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কক্সবাজারস্থ র‌্যাব ১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ ম ফারুক। আটক খালেদা বেগম (২৮) উখিয়ার কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের মোহাম্মদ করিমের স্ত্রী।

সহকারী পুলিশ সুপার আ ম ফারুক জানিয়েছেন, গত ২১ এপ্রিল ওই ছাত্রী নানির জন্য ওষুধ আনতে দোকানে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা খালেদা নামে এক নারী তাকে অজ্ঞান করে নিয়ে যায়। ভিকটিমের জ্ঞান ফিরলে সে তাকে সিএনজিতে চিরিঙ্গায় দেখতে পায়। পরে তাকে সিএনজিতে করে বান্দরবানের লামার ফাঁসিয়াখালি ইউনিয়নের হায়দারনাশির গহীন পাহাড়ি এলাকায় জমির উদ্দিনের বাড়িতে লুকিয়ে রাখেন। পরে তার পরিবারের কাছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন তারা। ভিকটিমের পরিবার মহেশখালী থানায় একটি জিডি করে। পরে র‌্যাব ১৫-এর সদর কোম্পানির আভিযানিক দল বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে হায়দারনাশির গহীন পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে।

খালেদার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত