ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১১:৪২ পিএম

ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একইসঙ্গে এ বিষয়ে সবাইকে এই বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন তারা। 

এক বিবৃতিতে ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ছাত্রদল ইতিমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেশকিছু ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে অনেকগুলো কর্মসূচি পালিত হয়েছে এবং আরও কিছু কর্মসূচি আমাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে। এরই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে ভ্যাকসিন প্রদানের একটি কর্মসূচিও রয়েছে, যা আমরা অতি শিগগিরই শেষ করবো বলে আশা করছি।

কিন্তু অতি দুঃখের সাথে আমরা লক্ষ্য করলাম যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে ভ্যাকসিন প্রদানের কর্মসূচিকে বিতর্কিত করার লক্ষ্যে উদ্দেশ্যমূলকভাবে একটি কুচক্রী মহল কয়েকটি সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশন করে সংবাদ করিয়েছে। তবে সংবাদের কোনো ভিত্তি না থাকায় পরবর্তীতে সেটি সরিয়ে নেয়া হয়েছে।

ছাত্রদল মনে করে, সাম্প্রতিক সময়ে ছাত্রদলকে টার্গেট করে বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্য নিয়ে কাজ করছে একটি সংঘবদ্ধ গোষ্ঠী। এর মাধ্যমে ছাত্ররাজনীতিকে এবং সর্বোপরি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ছাত্রসমাজের ঐক্য ও সংহতিকে বিনষ্ট করা হচ্ছে।

ছাত্রদল মনে করে, ছাত্রসমাজের বৃহত্তর স্বার্থে এধরণের নোংরা অপপ্রচারের বিরুদ্ধে সকলের সজাগ থাকা উচিত।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ ধরণের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একইসঙ্গে ছাত্রদল নামধারী কেউ যদি এই উদ্দেশ্যমূলক অপতৎপরতার সঙ্গে জড়িত থেকে থাকে, তাহলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত