নরসিংদীতে পৃথক অভিযানে হত্যা মামলার এক আসামি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক একজনকে গ্রেপ্তার করেছে র্যাব- ১১। শুক্রবার ও শনিবার নরসিংদী সদর ও শিবপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে র্যাব-১১, নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সদমান ইবনে আলমের স্বাক্ষরিত দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয় ।
গ্রেপ্তারকৃতরা হলেন- রায়পুরা উপজেলার দিঘলিয়াকান্দি এলাকার হত্যা মামলার আসামি এরশাদ মিয়া (৩৫) এবং বেলাব থানার ভাটেরচর এলাকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হৃদয় মিয়া (২৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে রায়পুরার বাঁশগাড়ী এলাকার পল্লী চিকিৎসক আবদুল্লাহর সাথে এরশাদের বিরোধ চলছিলো। গত বছরের ১ নভেম্বর রাতে আবদুল্লাহকে কুপিয়ে ও এলোপাথারি কিল-ঘুষির মাধ্যমে গুরুতর আহত করে পালিয়ে যায় এরশাদসহ তার ১০ থেকে ১২ জন সহযোগী। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবদুল্লাহ।
এ ঘটনায় রায়পুরা থানায় মামলা হলে আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে র্যাব ১১। এরই ধারাবাহিকতায় শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর আভিযানিক দল সদর উপজেলার বেলদি এলাকায় অভিযান পরিচালনা করে এরশাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়।
অন্যদিকে শুক্রবার (২৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হৃদয় মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বেলাব থানায় হস্তান্তর করে র্যাব-১১। তার বিরুদ্ধে বেলাব থানায় খুন, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০১৭ সালে আদালত তাকে যাবজ্জীবন সাজা দিলে সে আত্মগোপনে চলে যায়।
