প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৪-২৫

ঢাকা মেট্রোর চ্যাম্পিয়ন এমজিবিএস

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৪২ পিএম

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ২০২৪-২৫ মৌসুমে ঢাকা মেট্রো জোনে চ্যাম্পিয়ন হয়েছে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় (এমজিবিএস)। সোমবার পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজকে ৯ উইকেটে হারায় তারা।

৩৩ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। শুরুটা ভালোই ছিল তাদের। ৩.৩ ওভার স্থায়ী উদ্বোধনী জুটিতে আসে ৩০ রান। এরপর অল্প সময়ের মাঝেই দুই উইকেট হারিয়ে ফেলে স্কুলটি। চতুর্থ উইকেটে ৬৬ রানের জুটি গড়েন এএম ফাহিম ও ননী গোপাল। ইনিংসের সর্বোচ্চ ৪৩ রান করেন ফাহিম৷ তার ৮২ বলের ইনিংসে ছিল ১টি চার ও ৩টি ছক্কা। গোপাল করেন ৩২ রান। নির্ধারিত ৩৩ ওভারে ৫ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ।

অপরাজিত ফিফটি করে ফাইনালের ম্যাচসেরা শাকিল মোল্লা। ছবি: বিসিবি

জবাবে উদ্বোধনী জুটিতেই ৮৭ রান তুলে ফেলে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ৪৫ বলে ৫৩ রান করেন দলটির ওপেনার আমিন। হাঁকান ৬টি চার ও ৩ ছক্কা৷ এরপর আরিফুল ইসলামকে সাথে বাকি পথটা সহজেই পাড়ি দেন শাকিল মোল্লা। নিশ্চিত করেন দলের বড় জয়৷ ৫০ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংসে নিজের স্কুলকে চ্যাম্পিয়ন করে মাঠ ছাড়েন তিনি। আরিফুল ইসলাম অপরাজিত ছিলেন ২৪ বলে ১৭ রান করে। ফাইনালের ম্যাচসেরাও হয়েছেন শাকিল মোল্লা। সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের হাত থেকে পুরস্কারের সঙ্গে প্রেরণাও নেন ক্ষুদে ক্রিকেটাররা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত