সাবেক এমপি হেনরী এবার হত্যা মামলায় গ্রেপ্তার

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩৪ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যা মামলায় সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর আংশিক- কামারখন্দ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা দায়েরের এক মাস পাঁচ দিন পর সোমবার (২৮ এপ্রিল) বিকেলে তাকে আদালতে হাজির করে পুলিশ।

সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক কে এম শাহরিয়ার বাপ্পি শুনানি শেষে হেনরীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এ মামলায় হেনরী ১নং এজাহারভুক্ত আসামি। এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি হুমায়ুন কবীর কর্নেল জানান, পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। এরপর হেনরীকে আবারও কারাগারে পাঠানো হয়। মামলার তদন্তে প্রয়োজনে তার রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।

এর আগে গত ২৩ মার্চ আসিফ হোসাইনের মা আসমানী খাতুন বাদী হয়ে হেনরীসহ আওয়ামী লীগের ৭৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সাবেক এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল বারী, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল, কাজীপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল হান্নান এবং বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত