রাজবাড়ীতে লোকসংগীতের কিংবদন্তি শিল্পী কাঙালিনী সুফিয়ার নামে 'কাঙালিনী সুফিয়া একাডেমি ও জাদুঘর'-এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর বিলপাড়া এলাকায় অবস্থিত এই একাডেমি ও জাদুঘরের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লোকসংগীত শিল্পী কাঙালিনী সুফিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তারিকুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ।
এ সময় সংগীতশিল্পী কাঙালিনী সুফিয়া বলেন, জীবনের শেষ সময়ে এসে আমার নামে একটি একাডেমি ও জাদুঘর হয়েছে। এতে আমি আনন্দিত। আমার মৃত্যুর পর এটা টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদের। তবে এই একাডেমি ও জাদুঘরে এখনও কোনও সীমানা প্রাচীর নেই। ফলে এটি অনিরাপদ অবস্থায় রয়েছে। এখানে সীমানা প্রাচীর নির্মাণ করা খুবই জরুরি। জেলা প্রশাসককে আমি অনুরোধ করব এখানে যেন তিনি সীমানা প্রাচীরটি নির্মাণ করে দেন।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, লোকজ সংস্কৃতি আমাদের শিকড়। এই একাডেমি ও জাদুঘর তারই বহিঃপ্রকাশ। এই উদ্যোগকে আরও সমৃদ্ধ করতে হবে। এখানে একটি মঞ্চ নির্মাণের করার ব্যবস্থা করব। এ ছাড়া এই একাডেমির সীমানা প্রাচীর নির্মাণ করার ব্যাপারেও আমি চেষ্টা করব।
অনুষ্ঠান শেষে আয়োজিত সাংস্কৃতিক পরিবেশনায় রাজবাড়ীসহ বিভিন্ন জেলা থেকে আগত লোকশিল্পীরা লোকশিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন। নানা বয়সী দর্শক শ্রোতা অনুষ্ঠান উপভোগ করেন গভীর আগ্রহে।
শ্রমিকের পকেট থেকে চাঁদা নিলে হাত ভেঙে দেওয়া হবে
রাবি রেজিস্ট্রারের বাসভবনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের শাস্তির দাবি