নিয়ন্ত্রণরেখার কাছে আধুনিক যুদ্ধাস্ত্রের মহড়া চালাচ্ছে পাকিস্তান

আপডেট : ০১ মে ২০২৫, ০৬:৪৯ পিএম

ভারতের সঙ্গে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখার কাছে সামরিক মহড়া চালিয়েছে। বৃহস্পতিবার দেশটি আধুনিক অস্ত্রশস্ত্র প্রদর্শন করে পূর্ণ মাত্রায় সামরিক মহড়া চালায়।

নিরাপত্তা সূত্রের বরাতে সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, মহড়ায় লাইভ-ফায়ার এবং প্রতিপক্ষের যেকোনো হামলা মোকাবিলায় জবাব দেওয়ার মহড়া চালানো হয়েছিল।

বিভিন্ন ইউনিটের অফিসার ও সৈন্যরা মহড়ায় অংশ নেয়, উচ্চ পর্যায়ের অপারেশনাল দক্ষতা প্রদর্শন করে।

এর আগে বুধবার কিয়ানি ও মণ্ডল সেক্টরে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে গুলির জবাবে ভারতীয় একটি চেকপোস্ট ধ্বংস করে দেয় পাকিস্তান।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, পাল্টা হামলায় ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের (আইআইওজেকে) চাকপুত্র পোস্টসহ শত্রুদের অবস্থানগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর থেকে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। ভারত কোনো প্রমাণ উপস্থাপন না করেই এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। তার বিপরীতে ইসলামাবাদ পহেলগাঁও হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং স্বচ্ছ তদন্তে সহযোগিতার প্রস্তাব দিয়েছে।

এর ফলে একের পর এক পাল্টা কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে, পাকিস্তানিদের ভিসা বাতিল করেছে এবং ওয়াঘা-আটারি সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে।

জবাবে পাকিস্তান ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার, সিমলা চুক্তি স্থগিতের হুমকি, শিখ তীর্থযাত্রীদের বাদ দিয়ে ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত করে এবং প্রধান ক্রসিংটি বন্ধ করে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত