সামরিক পদক্ষেপ নিলে কঠোর জবাব পাবে ভারত: পাক সেনাপ্রধান

আপডেট : ০১ মে ২০২৫, ০৯:৪৯ পিএম

ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। নয়াদিল্লি কোনো ধরনের সামরিক হঠকারিতা করলে তার ‘দ্রুত ও দৃঢ় জবাব দেওয়া হবে’ বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার মঙ্গলা স্ট্রাইক কোর পরিচালিত সামরিক মহড়া ‘এক্সারসাইজ হ্যামার স্ট্রাইক’ উপলক্ষে টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জ (টিএফএফআর) পরিদর্শনে গিয়ে পাক সেনাপ্রধান এমন মন্তব্য করেন।

সেনাপ্রধানকে উদ্ধৃত করে দেশটির বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) বলেছে, কোনো অস্পষ্টতা থাকবে না; ভারতের যেকোনো সামরিক দুঃসাহসিক পদক্ষেপের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে। পাকিস্তান আঞ্চলিক শান্তি চায়, কিন্তু জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের প্রস্তুতি ও সংকল্প অটুট। 

সেনাদের উদ্দেশে ভাষণে জাতীয় প্রতিরক্ষার চাবিকাঠি হিসেবে অপারেশনাল প্রস্তুতি ও যুদ্ধক্ষেত্রের সমন্বয়ের ওপর জোর দেন পাক সেনাপ্রধান।

এক্সারসাইজ হ্যামার স্ট্রাইক কী?

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মতে, সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি, ইউনিটগুলোর মধ্যে সমন্বয় এবং কাছাকাছি যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি অনুধাবনের লক্ষ্যে ‘এক্সারসাইজ হ্যামার স্ট্রাইক’। মহড়ায় ছিল মাল্টিরোল ফাইটার জেট, দূরপাল্লার আর্টিলারি, অ্যাটাক হেলিকপ্টার এবং প্রচলিত যুদ্ধের প্রস্তুতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত