মানবিক করিডোর প্রসঙ্গে নুর

ঝুঁকি তৈরি হয় এমন সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না

আপডেট : ০২ মে ২০২৫, ১২:৩০ এএম

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর ঝুঁকি তৈরি হয় এমন সিদ্ধান্ত কোনো সরকারকেই নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আশুলিয়ার জিরাবোয় দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় নুরুল হক নুর রাখাইনের জন্য করিডোর দেওয়ার প্রসঙ্গে বলেন, কক্সবাজারের ভূমি ব্যবহার করে রাখাইন রাজ্যে তথাকথিত সহায়তা পৌঁছানোর নামে যে মানবিক করিডোরের আলোচনা চলছে, সরকারকে ওইখানেই ফুলস্টপ দিতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন-ভালোবাসা থাকলেও সরকার যা ইচ্ছে তাই করলে মেনে নেয়া হবে না।

তিনি আরও বলেন, যারা এখন মানুষকে মিথ্যা মামলা দিচ্ছে তারা নব্বইয়ের স্বৈরাচার ও এ যুগের রাজাকার। 

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  গণঅধিকার পরিষদের আইন বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ এর সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ, বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আমরা যদি বিবাদে জড়িয়ে পড়ি তাহলে লাভবান হবে আওয়ামী লীগ। আমরা যদি জাতীয় ঐক্য ধরে রাখতে না পারি তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে আর আওয়ামী লীগ ফিরে আসলে সবাইকে কচুকাটা করবে।

অনুষ্ঠানে শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমানসহ বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত