অনিয়ম-দুর্নীতির অভিযোগ মাদরাসা সুপারের বিরুদ্ধে, পদত্যাগ দাবি

আপডেট : ০৪ মে ২০২৫, ০৭:০৬ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দক্ষিণ সাটিহারী ডিএস দাখিল মাদরাসার সুপার মো. আমিনুল ইসলামকে অপসারণের দাবিতে আলটিমেটাম দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে তাকে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর মাইজবাগ বাজারে স্থানীয়দের উদ্যোগে সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে এ দাবি জানান এলাকাবাসী।

এদিকে রবিবার অনুষ্ঠিত মানববন্ধনে এলাকাবাসীর দাবির সঙ্গে একাত্মাতা পোষণ করে এতে অংশ নেন স্থানীয় পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা। মানববন্ধনে সুপারের বিরুদ্ধে টাকার বিনিময়ে মাদরাসার এডহক কমিটি গঠনের অভিযোগসহ বিভিন্ন ধরনের অনিয়ম-দুর্নীতির তুলে বক্তব্য দেন উপজেলা মাইজবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ভূঁইয়া (সাজু), সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, মাইজবাগ ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম হান্নান, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার ভূঁইয়া পলাশ, মাইজবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াসিন আহমেদ।

এ ছাড়া বক্তব্য দেন মাইজবাগ ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি আব্দুল হান্নান, ছাত্রদলের সভাপতি ইমন হাসান মিঠুন, সাধারণ সম্পাদক নাইম, মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, মাইজবাগ ইউনিয়ন ৭ নম্বর ওর্য়াডের মেম্বার বোরহান উদ্দিন, সাবেক মেম্বার দিন ইসলাম প্রমুখ।

এর আগে গত (২৩ এপ্রিল) অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে তার বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন স্থানীয় মো. সাইদুল ইসলাম

এ প্রসঙ্গে জানতে চাইলে মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম বলেন, মাদ্রাসার কমিটি বিধি মোতাবেক নিয়ম মেনেই করা হয়েছে। আমার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠেছে সব মিথ্যা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন হয়েছে। তদন্তের কাজ চলমান। তদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত