কাতারের কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে (কিউসিবিএসডি) তিন বছর মেয়াদে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ২৪ সদস্য দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, নৌবাহিনীর সদস্যরা কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কিউসিবিএসডির আওতায় দেশটির উপকূলীয় ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ, সামুদ্রিক টহল, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন দায়িত্ব পালন করবেন।
এর আগে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক কাতারে দায়িত্ব পালনে নিয়োজিত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় তিনি তাদের পেশাদারত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২ সাল থেকে কাতার কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে দায়িত্ব পালনের জন্য নিয়মিত সদস্য পাঠিয়ে আসছে বাংলাদেশ নৌবাহিনী। দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারত্ব ও কর্মনিষ্ঠার মাধ্যমে তারা কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আস্থা ও প্রশংসা অর্জন করেছেন। আইএসপিআর