খালেদ-এবাদত-শরিফুলরা ১৪৭ রানেই গুটিয়ে দিলো কিউইদের

আপডেট : ০৫ মে ২০২৫, ০৫:১৮ পিএম

শুরুটা করেছিলেন শরিফুল ইসলাম। তারপর খালেদ আহমেদ। মাঝে তানভীর ইসলামের ঘূর্নি। এবাদত হোসেন চৌধুরীও কম ভোগাননি। তাতে ৮৫ রানেই ৯ উইকেট গুটিয়ে যায় নিউজিল্যান্ড এ দলের। যেখানে ১০০ রানের আগেই অল-আউট করার প্রত্যাশায় ছিলেন বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা। কিন্তু শেষ উইকেট নিতে গিয়েই যেন বেশি ভুগতে হলো স্বাগতিক বোলারদের। এক ডিন ফক্সক্রফটের ব্যাটিং বীরত্বে কিউইরা শেষ পর্যন্ত থেমেছে ১৪৭ রানে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে বাংলাদেশ এ ও নিউজিল্যান্ড এ দলের মধ্যকার সিরিজটি। টস জিতে সেখানে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই এ দলের অধিনায়ক নিক ক্যালি। বোলিংয়ে করতে নেমে শুরু থেকেই চেপে ধরেন তাদের বাংলাদেশি বোলাররা।

প্রথম ওভারে একটি মাত্র ৪ হজম করেন শরিফুল। দ্বিতীয় ওভারটি মেইডেন নেন সিলেটের লোকাল বয় খালেদ। তৃতীয় ওভারের তৃতীয় বলে ১ রান দিয়ে পঞ্চম বলেই ডেইল ফিলিপসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে উইকেট আদায় করে নেন শরিফুল। পরের ওভারে খালেদ আরও ভয়ংকর হয়ে আসেন। প্রথম বলে ১ রান দিলেও তৃতীয় ও পঞ্চম বলে আদায় করে নেন দুটি উইকেট। 

পাওয়ার প্লের মধ্যে শরিফুল তুলে নেন আরও একটি উইকেট। সেটা আবার বোল্ড। তারপর একে একে তানভীর তিনটি, খালেদ নেন আরও একটি। চোট কাটিয়ে দীর্ঘদিন পর কোনো ধরণের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা এবাদতও নেন একটি উইকেট। তাতে ৮৫ রানে ৯ উইকেট হারালে ১০০ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল কিউইদের। 

তবে ফক্সক্রফট ৬ চার ও ৪ ছক্কায় ৬৪ বলে ৭২ রানের ইনিংস খেলে দলকে টেনে নিয়ে যান ১৪৭ রানে। এর আগে রিস মাইরু করেছিলেন ৪২ রান। এই দুজনের বাইরে আর কাউকে ‍দুই অংকের রান স্পর্শ করতে দেননি বাংলাদেশি বোলাররা। 

বাংলাদেশের হয়ে খালেদ দুই মেডেনসহ ২৭ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন। এছাড়া তানভীরও ২ মেইডেনসহ নিয়েছেন ৩ উইকেট, তবে তিনি খরচ করেছেন ৪৫ রান। এছাড়া ২৭ রান দিয়ে শরিফুল দুটি ও ৩৫ রান দিয়ে এবাদত দুটি উইকেট নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত