এখন থেকে প্যাথলজিক্যাল নানা পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদেশে নমুনা পাঠাতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি লাগবে- এমন আদেশ জারির ২৪ ঘণ্টা না পেরোতেই সেই সিদ্ধান্ত বাতিল করল স্বাস্থ্য অধিদপ্তর।
এখন অধিদপ্তর বলছে, বিদেশে প্যাথলজিক্যাল স্যাম্পল বা জৈব নমুনা পাঠানোর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতির আদেশটি শর্তসাপেক্ষে আগামী চার মাসের জন্য স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব ল্যাব এ ধরনের নমুনা বিদেশে পাঠায়, আগামী চার মাসের মধ্যে তাদের দেশে পরীক্ষা করার সক্ষমতা অর্জন করতে হবে। একটি বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে যেসব জরুরি পরীক্ষা দেশে হয় না, তার তালিকা গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি নিয়ে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে।
এর আগে সোমবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের এক অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ থেকে বিদেশে কোনো ধরনের প্যাথলজিক্যাল স্যাম্পল বা নমুনা পাঠাতে হলে এখন থেকে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বানুমতি নিতে হবে।
ওই নির্দেশনায় আরও বলা হয়, দেশের যেকোনো বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যদি স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়া বিদেশে স্যাম্পল বা নমুনা পাঠায়, তবে তা আইনত দণ্ডনীয় অপরাধ গণ্য হবে। এই নির্দেশনার আওতায় পড়বে যেকোনো রোগ নির্ণয়, গবেষণা কিংবা অন্যান্য পরীক্ষামূলক উদ্দেশ্যে পাঠানো স্যাম্পল।