দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগ নেতার সমর্থক নিহত

আপডেট : ০৭ মে ২০২৫, ০৭:৩৭ এএম

নরসিংদীর রায়পুরা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সাইফুল ইসলাম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। প্রতিপক্ষের লোকজন কুপিয়ে তার পা বিচ্ছিন্ন করার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ওই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চান্দেরকান্দি ইউনিয়নের মেথিকান্দা এলাকার রবিউল্লাহর ছেলে রাহাত (২২)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তারা দুজনই যুবলীগ নেতা আবিদুর রহমান রুবেলের সমর্থক বলে জানা গেছে। 

পুলিশ জানায়, এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে রায়পুরার মেথিকান্দা এলাকার সাবেক মেম্বার আব্দুল বাসেদ ভূঁইয়ার সঙ্গে উপজেলা যুবলীগ নেতা আবিদুর রহমান রুবেলের দ্বন্দ্ব চলে আসছিল। তার জেরে গত সোমবার গভীর রাতে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। রাতভর চলে সংঘর্ষ। সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে সাইফুলের পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে প্রতিপক্ষরা। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গুলিবিদ্ধ রাহাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, এখন এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত