ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানে হামলা চালিয়ে সন্ত্রাসবাদী কাঠামো ধ্বংস করাই ছিল এই হামলার উদ্দেশ্য।
ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব বলেন, ভারত যে প্রত্যাঘাত করেছে, তা পরিমিত, সমানুপাতিক, দায়িত্বশীল ও যা ছড়িয়ে পড়বে না, এমন। ভারতের লক্ষ্য ছিল সন্ত্রাসবাদীদের অবকাঠামো ভেঙে দেওয়া, যাতে সন্ত্রাসীদের সীমান্ত পেরিয়ে ভারতে পাঠানো ঠেকানো যায়।
বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক
ভারত সরকার বৃহস্পতিবার (৮ মে) একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে। পাশাপাশি বেলা ১১টায় ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির (সিসিএস) বৈঠক আহ্বান করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠেয় এই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বুধবার (৭ মে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি তাকে ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি ভবন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানিয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে মোদি তার নির্ধারিত তিন-দেশীয় ইউরোপ সফর বাতিল করেছেন। এই সফরে তার ১৩ থেকে ১৭ মে পর্যন্ত ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ডস সফরের কথা ছিল। নরওয়েতে অনুষ্ঠেয় নর্ডিক সম্মেলনেও তার অংশ নেওয়ার পরিকল্পনা ছিল।
