ক্যাম্পাসে সুপেয় ঠাণ্ডা পানি সরবরাহের দাবি গণতান্ত্রিক ছাত্রসংসদের

আপডেট : ০৮ মে ২০২৫, ০৬:৪১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তীব্র গরমে শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সুপেয় ঠাণ্ডা পানির ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

আজ বৃহস্পতিবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কার্যালয়ে স্মারকলিপি দেন গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার নেতাকর্মীরা।

বাগছাসের নেতারা জানান, চলমান গরমের তীব্রতায় ক্যাম্পাসে ঠাণ্ডা পানির প্রাপ্যতা একেবারে নেই। গরমে শিক্ষার্থীদের মধ্যে ঠাণ্ডা পানির চাহিদা পরিলক্ষিত হয়েছে। শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনায় ক্যাম্পাসের প্রতিটা হল, একাডেমিক ভবন এবং লাইব্রেরীতে সুপেয় ঠাণ্ডা পানির ব্যবস্থা করার তাগিদে আজকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে মাননীয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

তারা জানান, আমরা ইতোমধ্যে ‘ভিশন’-এর ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে ইতিবাচক সাড়া দেওয়ার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কোষাধ্যক্ষ স্যারের সঙ্গে আলোচনা করেছি। তারা আমাদের দুই পক্ষের মধ্যকার বৈঠকের উদ্যোগ নিতে বলেছেন। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

বাগছাস নেতারা আরও জানান, ইতিমধ্যে ‘ভিশন’ থেকে সার্জেন্ট জহুরুল হক  হলে এবং লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের জন্য ৭টা ফিল্টারের ব্যবস্থা করেছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত