বগুড়ার শেরপুর থেকে কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করেছে র্যাব-১২। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের রাজবাড়ী এলাকার চন্ডিপুকুর নামে একটি পুকুর পাড় থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় মূর্তি বিক্রির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার রাজবাড়ী গ্রামের মৃত কিরামের ছেলে ফরিদ (৩৫), রইচের ছেলে বুলবুল (৪০) ও ছালেমের ছেলে নাছিম (৩২)।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার খোট্টাপাড়ার শরিফ নামের এক ছেলে খেলার সময় মূর্তিটি পায়। পরবর্তিতে শরিফের পরিবারের লোকজন মূর্তিটি গোপন করার চেষ্টা করে। এ সময় ফরিদ, বুলবুল ও নাছিম মূর্তিটি বিক্রি করে দেওয়ার কথা বলে নিজেদের হেফাজতে নেয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
এ বিষয়ে শাহ-বন্দেগী ইউপি চেয়ারম্যান কাজী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, র্যাব-১২ বগুড়া মূর্তিটি উদ্ধার করে নিয়ে গেছেন। আমরা ধারনা করছি এটি কষ্টি পাথরের মূর্তি, তবে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, লোকমুখে শুনেছি র্যাব একটি মূর্তি উদ্ধার করেছে।
