শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকা থেকে ১১ আগস্ট মধ্যরাতে এক নারী ও বিদেশি মদসহ জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে আটক করে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সারাদিন থানা হেফাজতে জিজ্ঞাসাবাদের পর বিকেলে পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ।
এঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. নুরুল হাফিজ।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। গভীর রাত পর্যন্ত নারীটি সেখানে অবস্থান করায় স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে বিষয়টি শেরপুর সদর থানা পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে সহকারী পরিচালক মো. রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
এর আগে ওই পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পত্তি অর্জন এবং প্রায় ২০০ পাসপোর্ট জালিয়াতির অভিযোগ রয়েছে। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর ছিলেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত ) দেবাশীষ বলেন, পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জীম্মায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আমরা কি মামলা করতে পারি? তবে পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ওই নারীর কোন অভিযোগ নেই।