সাভারে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ২ জনের

আপডেট : ০৯ মে ২০২৫, ১২:৩৩ পিএম

সাভারে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে দ্রুতগতির অপর একটি ট্রাকের ধাক্কায় ২ পথচারী মারা গেছেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হলেও পালিয়ে গেছেন ট্রাকের চালক ও সহকারী।

শুক্রবার (৯ মে) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম। এর আগে ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকার আরিচামুখি লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভোলা জেলার চরফ্যাশন থানার উসমান নগর গ্রামের মৃত ফজল হক মুন্সির ছেলে মো. হোসেন (৫৫) ও শরীয়তপুরের জাজিরা থানার সদর আলী মাদবর কান্দি গ্রামের ধলু শেখের ছেলে সায়াত শেখ (৩৫)।

হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঠিকানা পরিবহনের একটি বাস যাত্রী নেওয়ার জন্য দাঁড়ায়। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে সায়ের শেখ ও হোসেন নামের দুইজন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে সাভারের সুপার মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম বলেন, এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাক ও বাস জব্দ করা হয়েছে। কোনও অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত