সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে দুই গোলের লিড নেওয়া সত্ত্বেও পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছেন বাংলাদেশের যুবারা। ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ২-২ গোলের সমতায় শেষ হয়েছে ম্যাচ। প্রথমার্ধে দুই গোলের লিড নিলেও দ্বিতীয়ার্ধে সমান পরিমাণ গোল হজম করতে হয় গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের।
ম্যাচের শুরু থেকেই প্রেসিং ফুটবল খেলতে থাকেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যার ফল আসে নিমিষেই। ম্যাচের ১২ মিনিটে মালদ্বীপের রক্ষণে চাপ সৃষ্টির ফলস্বরূপ বল পেয়ে যান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। বক্সের বাইরে থেকে কিছুটা ড্রিবলিং করে নেন জোরালো শট। তাতে পরাস্ত হন মালদ্বীপ গোলরক্ষক জাহরান জিয়াদ।
প্রথমার্ধের শেষ সময়ে ৪৫ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। শট নেন ফয়সাল। বক্সের মধ্যে বল পেয়েও ক্লিয়ার করতে পারেননি মালদ্বীপের রক্ষণভাগের ফুটবলাররা। রিবাউন্ডে বল পেয়ে আলতো টোকায় গোলমুখে উঠিয়ে দেন মিঠু চৌধুরী। সেই বলে দারুণ হেডে জালের ঠিকানা খুঁজে নেন ফরোয়ার্ড রিফাত কাজী। এই দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমণাত্মক রূপেই ছিল বাংলাদেশ। রক্ষণ সামলানোর ফাঁকে খুব একটা উপরে উঠতে পারছিলেন না মালদ্বীপের ফুটবলাররা। কিন্ত ৫৭ মিনিটে খেলার মোড় ঘুরে যায়। বাম প্রান্ত দিয়ে নাসাহ নাসির ও ইথান জাকির মধ্যকার ওয়ান টু ওয়ান পাসের ফলে বল নিয়ে বাম প্রান্ত থেকে গোলমুখে ক্রস দেন নাসির। আইধ জায়িজ পরাস্ত হলেও বদলী নামা অনুফ আবদুল্লাহ ফাঁকা জালে বল পাঠিয়ে দেন। এর মধ্য দিয়ে একটি গোল শোধ করে মালদ্বীপ।
৭৩ মিনিটে খেলায় সমতা আনে মালদ্বীপ। এ গোলের কারিগর দেশটির অধিনায়ক আহজাম রাশিদ। বক্সের বাইরে থেকে তার বাড়িয়ে দেওয়া দারুণ থ্রু পাস পায়ে জমান ইথান জাকি। বক্সে ঢুকেই বাঁ পায়ে শট নেন পোস্টের ডান দিকে। বাংলাদেশ গোলরক্ষক ইসমাইল মাহিন ঝাপিয়ে পড়েও বলের নাগাল পাননি। আরও একটি গোল হজম করে বাংলাদেশ।
৬ দলের এ টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে মালদ্বীপ ছাড়াও ভুটান রয়েছে বাংলাদেশের সঙ্গে। রবিবার ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন ফয়সালরা্। গ্রুপের দুই সেরা দল উঠবে সেমিফাইনালে।
মোহামেডান ও বসুন্ধরার ড্র, রেফারি বদলে দেরিতে খেলা শুরু ময়মনসিংহে
তাসকিন-শরিফুলদের নতুন বোলিং কোচ হচ্ছেন শন টেইট!