পাকিস্তান সফর নিয়ে বিসিবির সিদ্ধান্ত আজ

আপডেট : ১০ মে ২০২৫, ০১:৩৫ পিএম

ভারত-পাকিস্তানের মধ্যকার নতুন করে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার ক্রিকেটেও। এমন সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সফর নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। আজ শনিবার বিষয়টি নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু শুক্রবার বলেন, ‘হ্যাঁ, আজ আমাদের একটা মিটিং আছে। সাধারণত শনিবার আমরা সবাই বোর্ডে যাই। তবে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, তাই জরুরি ভিত্তিতে বিষয়টি নিয়ে আলোচনা হবে।’

এ মাসের শেষদিকে ফয়সালাবাদ ও লাহোরে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। তবে রাওয়ালপিন্ডিতে ভারতীয় ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনার পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হয়ে যাওয়ায় এই সফর নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

বিসিবি সভাপতি ফরুক আহমেদ জানান, পরিস্থিতি খারাপ হতে শুরু করার পর থেকেই বিসিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি বলেন, ‘আমরা মঙ্গলবার থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিস পিসিবি ও অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আমি নিজেও পিএসএল ও পিসিবির শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলেছি।’

বর্তমান পরিস্থিতিতে সফর বাতিল হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি সংযুক্ত আরব আমিরাতে সিরিজ স্থানান্তরের কথাও ভাবা হচ্ছে। বিসিবির এক কর্মকর্তা এই বিষয়ে বলেছেন, ‘এখনো কিছু চূড়ান্ত হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড আরও কয়েকদিন সময় চেয়েছে। তবে ইতিহাসে যেমনটা দেখা গেছে, প্রয়োজনে সংযুক্ত আরব আমিরাতে হোম সিরিজ আয়োজন করতে পিসিবি প্রস্তুত।’

এদিকে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) স্থগিত হওয়া আইপিএল শেষ করতে ২০২৫ এশিয়া কাপ ও ভারতের বাংলাদেশ সফর বাতিলের বিষয়টি বিবেচনা করছে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার ক্রিকেট জগতে সৃষ্টি হয়েছে এক অনাকাঙ্ক্ষিত অনিশ্চয়তা, যার প্রভাব বাংলাদেশের সফরেও পড়েছে। আজকের বোর্ড সভাই হয়তো নির্ধারণ করবে—বাংলাদেশ দল আদৌ পাকিস্তানে যাচ্ছে কি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত