যুদ্ধবিরতি ঘোষণার পরও ভারতশাসিত কাশ্মীরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারতীয় সময় শনিবার রাত আটটা নাগাদ কাশ্মীরের শ্রীনগরে এ বিস্ফোরণ হয়।
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নিজেই এক্স হ্যান্ডেলে দুটি পোস্ট করে এই খবর দিয়েছেন। প্রথম পোস্টে তিনি লিখেছেন, ‘সংঘর্ষ বিরতির কী হলো এখনি? শ্রীনগরজুড়ে বিস্ফোরণ শোনা যাচ্ছে।’
দ্বিতীয়টিতে তিনি একটি ভিডিও শেয়ার করে লিখেছেন শ্রীনগর শহরের মাঝে ‘আকাশ প্রতিরক্ষা ইউনিট এখনি চালু হলো’।
এছাড়া শহরে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। তবে বিস্ফোরণের ধরণ এবং কোথায় হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
এর আগে রাতভর আলোচনার পর শনিবার ভারত ও পাকিস্তানকে ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ রাজি করানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরির বরাতে সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও) একমত হয়েছেন— উভয়পক্ষই বিকাল ৫টা থেকে স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের সামরিক পদক্ষেপ বন্ধ করবে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও নিশ্চিত করেছেন, পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তান তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস না করে সবসময় এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে।
