ব্রাজিলের জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে বিদেশি নিয়োগের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে সেলেসাওয়ের দায়িত্ব দেওয়ার পরদিনই এ মন্তব্য করেন তিনি।
ইতালিয়ান আনচেলত্তি হচ্ছেন ১৯৬৫ সালের পর প্রথম বিদেশি কোচ যিনি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব পেলেন। আগামী বছর বিশ্বকাপে দলকে শিরোপার লক্ষ্যে এগিয়ে নেয়ার দায়িত্ব তার কাঁধে।
চীনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট লুলা বলেন, “আমি একথা বলছি না যে তিনি বিদেশি বলেই সমস্যা আছে... তবে আমি মনে করি, আমাদের দেশেই এমন অনেক কোচ আছেন যারা সেলেসাওকে নেতৃত্ব দেওয়ার যোগ্য।”
ফুটবলের একনিষ্ঠ ভক্ত লুলা এর আগেও আনচেলত্তিকে কোচ হিসেবে নিয়োগ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তিনি ২০২৩ সালে বলেছিলেন, “তিনি কখনোই ইতালির জাতীয় দলের কোচ ছিলেন না... তাহলে তিনি নিজ দেশের সমস্যাগুলো আগে সামাল দেন না কেন? ইতালি তো ২০২২ বিশ্বকাপেও জায়গা পায়নি।”
তবে মঙ্গলবার তিনি আনচেলত্তিকে ‘দারুণ একজন ট্যাকটিশিয়ান’ হিসেবে আখ্যায়িত করেন এবং আশা প্রকাশ করেন, “তিনি যেন প্রথমে ব্রাজিলকে বিশ্বকাপে কোয়ালিফাই করাতে পারেন এবং এরপর, সম্ভব হলে, শিরোপাও জেতাতে পারেন।”
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত হতে যাওয়া এই আসরের বাছাইপর্বে ব্রাজিলের সংগ্রহ ১৪ ম্যাচে ২১ পয়েন্ট। তাদের চেয়ে এগিয়ে আছে ইকুয়েডর, উরুগুয়ে ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
লাতিন আমেরিকা অঞ্চল থেকে সেরা ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে।
৪০ জন ব্রাজিলিয়ানকে কোচিং করিয়েছেন আনচেলত্তি
ফুটবলের পোপ, ব্যালকনিতে মেসির এক ইশারায় উল্লসিত ভক্তরা