মৌলভীবাজারে আইনজীবী হত্যায় আসামি কিশোর গ্রেপ্তার

আপডেট : ১৪ মে ২০২৫, ০৭:৩৫ পিএম

মৌলভীবাজারে আইনজীবী সুজন হত্যা মামলার অভিযুক্ত আসামি সালমান মিয়াকে (১৭) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (১৪ মে) বিকেলে বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) কেএম শহিদুল ইসলাম সোহাগ। গ্রেপ্তার সালমান মৌলভীবাজার সদর উপজেলার উত্তর মুলাইম এলাকার আলী হোসেনের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল রাতে মৌলভীবাজার পৌরসভার পশ্চিম পাশে একটি ফুচকার দোকানের সামনে আইনজীবী সুজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ মে) বিকেলে র‌্যাব-৯ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার জামালপাড়া এলাকা থেকে সালমানকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের মিডিয়া কর্মকর্তা কেএম শহিদুল ইসলাম সোহাগ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কিশোর জানায়, সে হত্যার পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশ নেয় এবং ঘটনার পর আত্মগোপনে চলে যায়। গ্রেপ্তারের পর তাকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত