ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ক্রমবর্ধমান চাপের মুখে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চরম হতাশায় পড়ে যেকোনো মুহূর্তে ঝুঁকিপূর্ণ সামরিক পদক্ষেপ নিতে পারেন বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
জিও নিউজের টকশো–এ দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “মোদি তাঁর রাজনৈতিক পুঁজি হারিয়ে ফেলেছেন। তিনি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছেন, যেখানে নিজেকে রক্ষার জন্য যেকোনো কিছু করতে পারেন।”
তবে তিনি দৃঢ়ভাবে বলেন, পাকিস্তান ভারতের সম্ভাব্য আগ্রাসনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। “ভারত যদি আবার আগ্রাসনের পথ বেছে নেয়, তবে আমরা জবাব দেব—এবং শুধু পাকিস্তানই নয়, গোটা বিশ্বও এর প্রতিক্রিয়া জানাবে,” মন্তব্য করেন খাজা আসিফ।
সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান শুধু সামরিক নয়, বহুস্তরীয় ও ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে। তিনি বলেন, “এই প্রথমবার কোনো সামরিক সংঘাতে সাইবার যুদ্ধের সংযুক্তি দেখা গেছে—আর সেই খাতে ভারতীয় অবকাঠামো সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ে।”
খাজা আসিফ দাবি করেন, সংঘাতকালে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান এবং একটি ড্রোন (ইউএভি) গুলি করে নামিয়েছে। তিনি বলেন, “যারা এতদিন পাকিস্তানকে তুচ্ছ করত, আজ তারা আমাদের মর্যাদার সঙ্গে দেখছে।”
এই পরিস্থিতিতে পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগকেও গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেন তিনি। “আমাদের সব মিত্র—এমনকি যুক্তরাষ্ট্রও—এই সংকটে আমাদের পাশে ছিল। তাদের সম্মতিতেই আমরা যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিই,” বলেন আসিফ।
তিনি আরও জানান, এই প্রথমবারের মতো ভারত কাশ্মীর ইস্যুতে সংলাপের ইচ্ছা প্রকাশ করেছে। “এর আগে তারা কখনোই কাশ্মীরকে আলোচনার যোগ্য বলে মানত না। এখন তারা আলোচনায় বসতে রাজি হওয়ায় এটি পাকিস্তানের কূটনৈতিক সাফল্য,” বলেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
৭১’র যুদ্ধে ভারতের ভূমিকার উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তান: শেহবাজ শরিফ
পাল্টাপাল্টি হুমকির সঙ্গে বেড়েছে উত্তেজনাও