কুমিল্লায় সময় টিভির সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

আপডেট : ১৫ মে ২০২৫, ১০:৫৪ পিএম

কুমিল্লা নগরীর পূবালী চত্বরে সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহত বাহার রায়হানকে তাৎক্ষণিকভাবে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার ডান পায়ে তিনটি সেলাই দিতে হয়েছে এবং রক্তক্ষরণ হয়েছে।

বাহার রায়হান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠন করা হয়। এ সময় পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। তিনি সেই বিক্ষোভের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। তখনই একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে একজন পুলিশ কর্মকর্তা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

হামলাকারীরা কারা জানতে চাইলে বাহার রায়হান বলেন, “আমি তাদের চিনিনি। তারা হয়তো পদবঞ্চিত ছাত্রদলের কেউ, আবার আওয়ামী লীগের লোকজনও হতে পারে।”

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত