দাবি আদায়ে এবার নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ মে) সকাল ১০টা থেকে আন্দোলনস্থলে শুরু হবে জবিয়ান সমাবেশ। এছাড়া জুমার নামাজের পর থেকে শুরু হবে শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন।
বৃহস্পতিবার (১৫ মে) রাত ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
দাবি আদায় না হওয়া পর্যন্ত স্থান ত্যাগ না করার ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেন, রাতে এখানেই অবস্থান করবো। বোতলকাণ্ডে জড়িতের বিচার আমরা করবো। তবে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আগ পর্যন্ত সেই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা যাবে না।
শুক্রবার সকাল ১০টায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত হবে। জুমার নামাজের পর শুরু হবে শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন।
‘জবি ঐক্যের’ পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন এ ঘোষণা দেন।
অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, ৩৫ ঘণ্টা পার হলেও কোনো সিদ্ধান্ত জানায়নি প্রশাসন। সরকার থেকে কোনো বার্তা আসেনি। দাবি আদায়ে শিক্ষক-শিক্ষার্থীরা জুমার পরে গণঅনশন শুরু করবে। এতে সব সাবেক ও বর্তমান জবিয়ানদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া সকাল ১০টা থেকে আন্দোলনস্থলে শুরু হবে জবিয়ান সমাবেশ।
একইসঙ্গে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনে পুলিশ কতৃক শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কালো দিবস পালনের ঘোষণা দেন তিনি।
এদিকে দ্বিতীয় দিনের মতো কাকরাইল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় ২৪ ঘণ্টা কাকরাইলে অবস্থান করছে তারা। অবস্থান কর্মসূচি পালন করায় অনেক শিক্ষার্থী ক্লান্ত হলেও আন্দোলন থেকে সরেনি কেউ। কেউ কেউ রাতভর রাস্তায় ঘুমিয়ে আজ সকালেও অবস্থান করছেন।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—
১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ২০২৫-২৬ অর্থবছর থেকে ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু করতে হবে।
২. ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন দিতে হবে।
৩. বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।
