‘সাকিব ভাইয়ের সঙ্গে একই দলে খেলবো, খুবই ভালো লাগছে’

আপডেট : ২০ মে ২০২৫, ০৭:১৩ পিএম

পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানে উড়াল দেওয়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় টি-টোয়েন্টি জাতীয় দলে জায়গা না পাওয়া প্রসঙ্গে জানতে চাওয়া হলে মিরাজ বলেন, ‘দল গঠনের সঙ্গে যারা জড়িত, তারা আমাদের ভালোর কথাই চিন্তা করেন। কিন্তু খেলোয়াড় হিসেবে কখনো কখনো মন খারাপ হয়। যেহেতু আমি বিপিএলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিলাম। তবে ক্রিকেটে এগুলো হয়। আমি বিষয়টাকে ইতিবাচক হিসেবেই নিয়েছি।’

আমিরাতে কাছে হারে খেলোয়াড় হিসেবে খারাপ লেগেছে মিরাজের। বলেন, ‘বিশ্বকাপ মাথায় রেখে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু সেই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।’ ২২ মে করাচি কিংসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ খেলবে লাহোর কালান্দার্স। সেই ম্যাচে একাদশে সুযোগ পেলে ‘দলকে জেতাতে’ চেষ্টা করবেন মিরাজ।  

একই দলে খেলে আসা রিশাদ হোসেনের কাছ থেকে পরিবেশ পরিস্থিতি সম্পর্কে ধারণা নিয়েছেন। সবশেষ ভারত সফরের পর এই প্রথম সাকিব আল হাসানের সঙ্গে একই দলে খেলতে যাচ্ছেন মিরাজ। এ নিয়ে বলেন, ‘অবশ্যই ভালো লাগছে, সাকিব ভাইয়ের সঙ্গে (সর্বশেষ) খেলেছিলাম ভারতে। তারপর আর খেলা হয়নি, দেখাও হয়নি। একই দলে খেলব, খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে পিএসএলের মতো এমন একটা টুর্নামেন্টে খেলতে যাচ্ছি।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত