দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি ম্যানডিসা মায়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সোমবার এ দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতে তাদের এ অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে উভয় দেশের প্রধান বিচারপতি একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগের সামগ্রিক উন্নয়নে তার ঘোষিত রোডম্যাপ কার্যক্রমের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি কে অবহিত করেন।
এ সময় দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি বাংলাদেশের বিচার বিভাগের সংস্কারে প্রধান বিচারপতির দূরদর্শী নেতৃত্ব এবং মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের বিচার বিভাগের গুরত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এ ছাড়া তিনি দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কমিশন কর্তৃক বিভিন্ন সাংবিধানিক প্রশ্নের সমাধানের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। প্রসঙ্গত, গত ১৭ মে দক্ষিণ আফ্রিকা সফরে যান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
