বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ

পুলিশের এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে মামলা 

আপডেট : ২০ মে ২০২৫, ০৮:৪২ পিএম

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুস সাকিবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন এক নারী। মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ৮ এ মামলা করেন তিনি।

আদালতের বিচারক মো. শওকত আলী মামলার আবেদনটি গ্রহণ করে শাহবাগ থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন।

অভিযোগে জানা যায়, ২০২৩ সালের জুন মাসে একটি ফেসবুক গ্রুপে পাত্রী চেয়ে পোস্ট করার পর বাদীর সঙ্গে আসামির পরিচয় হয় এবং ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

বাদীর অভিযোগ, আসামি তার পূর্ববর্তী বিয়ে ও সন্তান থাকার বিষয়টি গোপন রেখে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। পরে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তাদের এই সম্পর্ক দুই পরিবারের কাছেও সুপরিচিত ছিল, এবং উভয়ের বাসায় অবাধ যাতায়াত ছিল। সর্বশেষ ৪ এপ্রিল বাদী আসামির বাসায় অবস্থান করেন এবং সেখানে বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক ঘটে।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে বাদী জানতে পারেন— আসামি ইতোমধ্যে অন্য এক নারীকে বিয়ে করেছেন। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের সময় আসামি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং মামলা করলে নানা রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন।

প্রসঙ্গত, এএসপি নাজমুস শাকিব এর আগে তার প্রথম স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় কারাবরণ করেন এবং বর্তমানে তার বিরুদ্ধে বেশকিছু মামলা রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত