দু’দিন ধরে কর্মবিরতিতে ফিজিওথেরাপি শিক্ষার্থীরা, কর্তৃপক্ষ নিরব

আপডেট : ২০ মে ২০২৫, ০৯:১৯ পিএম

পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) ইন্টার্ন ফিজিওথেরাপি শিক্ষার্থীরা। মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টা থেকে দুই ঘন্টা হাসপাতাল পরিচালকের কক্ষের সামনে  অবস্থান নেন ও কার্যালয় অবরুদ্ধ করে রাখেন। 

শিক্ষার্থীরা জানান, অবস্থান কর্মসূচি চলাকালীন হাসপাতালের পরিচালক শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। পরিচালক জানিয়ে দিয়েছেন হাসপাতালের ফান্ড ফান্ড থেকে ইন্টার্ন ভাতা দেওয়া সম্ভব নয়, এটা তাদের এখতিয়ার বহির্ভূত। এটা মন্ত্রণালয়ের কাজ, মন্ত্রণালয় দেখবে। কিন্তু শিক্ষার্থীরা জানিয়ে দেন, তারা কোথাও যাবেন না, হাসপাতাল প্রশাসন এসব সমাধান করবেন। পরে হাসপাতাল পরিচালক কোন সমাধান না দিয়েই চলে যান ও শিক্ষার্থীরা প্রশাসনিক কার্যালয় অবরুদ্ধ করে রাখেন।

শিক্ষার্থীরা জানান, পঙ্গু হাসপাতালে প্রতিবছর শতাধিক ফিজিওথেরাপি শিক্ষার্থী ইন্টার্ন হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু তারা কোন ভাতা পান না। 

এ বিষয়ে বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্ট ইউনিয়ন-বাপসুর সভাপতি আশিকুর রহমান বলেন, ‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০ থেকে বিকাল ২ টা পর্যন্ত  এ অবস্থান কর্মসূচি চলবে এবং  আমরা প্রতিজ্ঞা করছি দাবি পুরো না হওয়া পর্যন্ত আমরা শ্রেণিকক্ষে ফেরত যাব না।’

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা যে সব দাবি তুলে ধরেন, সেগুলো হলো- ফিজিওথেরাপি কোর্সে শিক্ষক সংকট নিরসনে শূন্য পদে শিক্ষক নিয়োগ, ফিজিওথেরাপি বিভাগের ক্লিনিকাল পদে নিয়োগ, হাসপাতালে ফিজিওথেরাপি বিষয়ের উপর স্নাতকোত্তর কোর্স মাস্টার্স ইন ফিজিওথেরাপি দ্রুত চালু, ইন্টার্ন ফিজিওথেরাপিস্টদের ইন্টার্ন ভাতা ও পর্যাপ্ত ক্লাসরুম ,ফিজিওথেরাপি ল্যাব, ছেলেমেয়েদের পৃথক কমনরুমের ব্যবস্থা করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত