অবৈধ গ্যাস ক্রস ফিলিং গুদামে সেনা অভিযান, ৭২০ সিলিন্ডার জব্দ

আপডেট : ২১ মে ২০২৫, ১০:৩৮ এএম

চট্টগ্রামের চন্দনাইশে একটি অবৈধ ও ঝুঁকিপূর্ণ গ্যাস ক্রস ফিলিংয়ের গুদামে অভিযান চালিয়ে সাত শতাধিক সিলিন্ডারের বোতল, দুটি মিনিট্রাক ও একটি হাওয়া মেশিন জব্দ করেছে সেনাবাহিনী। অভিযানের সময় কেউ ধরা না পড়লেও সংশ্লিষ্ট চক্রটি আগেভাগে টের পেয়ে পালিয়ে যায়।

গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার উত্তর হাশিমপুরের সৈয়দাবাদ বার্মা পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, হাশিমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বার্মা পাড়া এলাকার উত্তর হাশিমপুর পূর্ব সৈয়দাবাদে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে এক গ্যাস সিলিন্ডার থেকে আরেকটিতে গ্যাস ভরার (ক্রস ফিলিং) কাজ করে আসছিল।

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চন্দনাইশ সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সোমবার রাত ১১টার দিকে সেখানে অভিযান চালায়। তবে সেনাদের উপস্থিতির খবর পেয়ে অভিযুক্তরা আগেই স্থান ত্যাগ করে।

অভিযানে ৭২০টি গ্যাস সিলিন্ডারের বোতল, একটি হাওয়া মেশিন, দুটি মিনিট্রাক এবং অবৈধভাবে গ্যাস স্থানান্তরে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। পরে এসব জব্দকৃত সামগ্রী উপজেলা ভূমি অফিসে হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত