কাবরেরার চোখে ভারতের চেয়ে যেখানে পিছিয়ে বাংলাদেশের ফুটবল

আপডেট : ২৪ মে ২০২৫, ০১:০১ পিএম

গত দুই দশক ফুটবলে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। প্রতিবেশি দুই দেশেই প্রতিভাবান ফুটবলারের অভাব নেই। তবু কেন ভারতের থেকে এতটা পিছিয়ে থাকবে বাংলাদেশ? জামাল ভূঁইয়াদের কোচ হওয়ার আগে ভারতে কাজ করার অভিজ্ঞতা আছে হাভিয়ের কাবরেরার। তিনি ভালো করেই জানেন দুই দেশের ফুটবলে পার্থক্য কোথায়। দেশ রূপান্তরকে সেটাই জানালেন জাতীয় দলের এই কোচ।

কাবরেরা বলেন, ‘ফুটবলারদের যোগ্যতা যদি বলেন, আমি বলব দুদেশের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রতিভা ও সামর্থ্য একই পর্যায়ে। তবে অবকাঠামোর দিক দিয়ে ভারত অনেক এগিয়ে গেছে। তাদের বয়সভিত্তিক পর্যায়ে অনেক কাজ হয়। তাদের অনেক উন্নতমানের স্টেডিয়াম আছে, অনেকগুলো ফুটবল অ্যাকাডেমি আছে, বয়সভিত্তিক দলগুলোর খেলার সুযোগও অবারিত। ফলে তাদের তরুণ ফুটবলারের ঘাটতি নেই।’

উদাহরণ দিয়ে জাতীয় দলের এই কোচ আরও বলেন, ‘আরেকটা পার্থক্য হলো পেশাদারিত্বে। বিশেষ করে দুই দেশের শীর্ষ লিগে আছে বড় ব্যবধান। আইএসএল--এর কথা যদি বলি, আয়োজন, বিপণন, স্পন্সর, চুক্তি, ভেন্যু, প্রচার থেকে শুরু করে সবকিছুই ইউরোপিয়ান মানের খুব কাছাকাছি পর্যায়ের। তারপরও ভারতীয় ফুটবলারদের কোনোভাবেই বাংলাদেশের ফুটবলারদের চেয়ে এগিয়ে রাখতে পারবেন না। যার প্রমাণ পেয়েছি সর্বশেষ ম্যাচে। ভারতের কিছু ভালো দিক থেকে আমরা শিক্ষা নিতে পারি। তাদের মাঠ, তাদের যুব ফুটবল শীর্ষ পর্যায়ের।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত