নারায়ণগঞ্জে মিনারুল হত্যা মামলায় সাবেক সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৫ মে) বিকালে সিদ্ধিরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসীনের আদালতে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানীকালে সাবেক মেয়র আইভী কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন জেলা আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট ওমর ফারুক নয়নসহ বিএনপি সমর্থক আইনজীবীরা। আইভীর পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট আওলাদ হোসেন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমানসহ আরও অনেকে।
জেলা আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানান, আদালতে তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই রিমান্ডের মাধ্যমে মিনারুলকে কীভাবে গুলি করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হয়েছে সেটা উদঘাটিত হবে।
আইভীর পক্ষের অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, মিনারুল হত্যা মামলায় আদালতে ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এই মামলায় আইভীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। আমরা রিমান্ডের বিরোধিতা করলেও আদালতে সেটা আমলে না নিয়ে তাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে আইভী সরকারের সমালোচনা করেছে। সে সবসময় শামীম ওসমানের বিরুদ্ধে আন্দোলন করেছে। তার এই মামলায় কোনো সম্পৃক্ততা নাই।
উল্লেখ্য, এর আগে গত ৯ মে আইভীকে মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ মোট ৫টি মামলা রয়েছে।
