বরগুনায় গ্রামবাসীর হাতে গুলিবিদ্ধ ডাকাতের মৃত্যু

আপডেট : ২৫ মে ২০২৫, ০৮:৫৩ পিএম

বরগুনার বামনায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসী টের পেয়ে ডাকাতদলকে ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গ্রামবাসীর লাইসেন্সকৃত বন্ধুকের গুলিতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।  

রবিবার (২৫ মে) সকাল ১১টায় বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ ওই ডাকাত মারা যায়। নিহত ওই ডাকাতের নাম মো. আনোয়ার হোসেন (৫০) ওরফে রিপন। সে পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী ইউনিয়নের লক্ষণা গ্রামের মতিয়ার রহমানের ছেলে। 

স্থানীয়রা জানায়, গত শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি গ্রামের আফজাল মাষ্টারের বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় গ্রামবাসীরা বিষয়টি টের পেয়ে ডাকাত দলকে ধাওয়া করে। এ সময় ডাকাতদলেরা গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। স্থানীয় গ্রামবাসীদের মধ্যে সুমন জোমাদ্দার নামে একজনের লাইসেন্সকৃত বৈধ বন্ধুক থাকায় তিনিও পাল্টা গুলি চালালে একজন ডাকাত গুলিবিদ্ধ হয় বাকিরা পালিয়ে যায়। পরে ঘটনাটি বামনা থানায় জানালে পুলিশ এসে গুলিবিদ্ধ ডাকাতকে বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে রবিবার ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

এবিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, গ্রামবাসীর সাথে গোলাগুলিতে ডাকাত আনোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ডাকাত আনোয়ার হোসেনের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করার সময় তার কাছ থেকে একটি পাইপগান ৩ রাউন্ড গুলিসহ ৪টি মোবাইল পাওয়া যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত