বরগুনার তালতলীতে বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে দুর্ঘটনাকবলিত ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের উদ্ধার হওয়া ১৪ জেলে পরিবারকে সহায়তা হিসেবে জরুরি খাদ্যসামগ্রী দিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা বাজারে জেলেদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মানবিক সহায়তার অংশ হিসেবে প্রতিটি জেলে পরিবারকে ৪০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ এবং প্রয়োজনীয় হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দেওয়া হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেবক মন্ডল, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম, সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ ফরাজী এবং নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু প্রমুখ।
ইউএনও অতীশ সরকার বলেন, উপকূলীয় এলাকার জেলেদের যেকোনো দুর্যোগ ও বিপদে উপজেলা প্রশাসন সবসময় দ্রুত সাড়া দিতে প্রস্তুত। দুর্ঘটনাকবলিত এই জেলে পরিবারগুলো যাতে কোনো প্রকার খাদ্য সংকটে না পড়ে, সে লক্ষ্যেই তাৎক্ষণিকভাবে এ সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও তাদের পাশে থাকবে প্রশাসন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারটি সাগরে ডুবে যায়। পরবর্তীতে একই দিন রাত ১২টায় সাগরে ভাসমান অবস্থায় থাকা ১৪ জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করেন জেলেরা।