কাস্টমসের কলম বিরতি ও শ্রমিকদের আন্দোলন

চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় ৪৩ হাজার কনটেইনার 

আপডেট : ২৬ মে ২০২৫, ১০:২৬ পিএম

চট্টগ্রাম বন্দরের জট বাড়াচ্ছে পণ্যভর্তি কনটেইনার। কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতি ও বন্দরের শ্রমিকদের আন্দোলনের কারণে সৃষ্ট অচলাবস্থায় আটকে থাকা কনটেইনারগুলোর শুল্কায়ন হচ্ছে না। আর শুল্কায়নের অভাবে বাড়ছে কনটেইনারের স্তুপ। বন্দরের ৫৩ হাজার ৫১৮ একক কনটেইনার ধারণক্ষমতার ইয়ার্ডে এখন রয়েছে ৪৩ হাজার ৮২৭ একক কনটেইনার। স্বাভাবিকভাবে যা ৩৩ হাজারের মধ্যে থাকার কথা। এতে বাড়তি কনটেইনারের নিচে চাপা পড়ছে বন্দর। 

এরমধ্যে গত ২০ মে বন্দরের ভেতরে ৪৪ হাজার ২৩১ একক কনটেইনার ছিল। পরবর্তীতে তিন বা চার হাজার করে কনটেইনার ডেলিভারি হলেও কনটেইনার খালাসে গতি আসেনি। ফলে একদিনে ডেলিভারি হলেও অপরদিকে আমদানিকৃত পণ্য এসে জড়ো হয়ে যাচ্ছে বন্দরে। এছাড়া কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতির কারণে কনটেইনার ডেলিভারির হারও কম ছিল। আর এতেই বেড়েছে জট।

এ বিষয়ে বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট খায়রুল আলম সুজন দেশ রূপান্তরকে বলেন, কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতির কারণে গত এক সপ্তাহ তেমন কোনো কাজ হয়নি। আর কাস্টমস কর্তৃপক্ষ পণ্যের শুল্কায়ন না করলেও ডেলিভারি নেওয়া সম্ভব নয়। এর ফলেই জট লেগেছে বন্দরে। 

তিনি আরও বলেন, সামনে কোরবানির ঈদের বন্ধ আসছে। এই জট এখনই ক্লিয়ার করতে না পারলে ঈদের আগে ভয়াবহ পরিস্থিতি হতে পারে। 

আমদানি পণ্যভর্তি কনটেইনারের চাপায় বন্দর থাকলেও রপ্তানি পণ্যের কনটেইনারে কোনো সমস্যা হচ্ছে না বলে জানান বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশনের মহাসচিব রুহুল আমিন সিকদার।

তিনি বলেন, আমাদের ডিপো থেকে যেহেতু রপ্তানি পণ্য জাহাজীকরণ হয়ে থাকে তাই সেগুলোতে সমস্যা হচ্ছে না। কাস্টমস কর্তৃপক্ষ রপ্তানি পণ্যের ক্ষেত্রে কোনো সমস্যা করছে না, আমদানি পণ্যের ক্ষেত্রে কলম বিরতি থাকায় বিলম্বিত হচ্ছে।

এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষের মুখপাত্র ও উপ-কমিশনার সাইদুল ইসলাম বলেন, ‘আমাদের কলম বিরতি শেষ। আজ সোমবার থেকে আমরা পুরোদমে কাজ করছি কোনো ফাইল জমা নেই। তাই আমাদের কারণে বন্দরে কনটেইনার জট হচ্ছে কথাটি সঠিক নয়।’

এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির প্রতিবাদে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা গত ১৪ মে থেকে শুল্কায়ন, পরীক্ষাসহ সব ধরনের কাস্টমস কার্যক্রম বন্ধ রেখে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত