শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) রেজিস্ট্রারের রুটিন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত রেজিস্ট্রার শেখ রেজাউল করিম পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করায়, উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের অনুমোদনক্রমে নজরুল ইসলামকে এই দায়িত্ব প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মো. নজরুল ইসলাম ২০০৬ সালে শেকৃবির উপাচার্যের একান্ত সচিব হিসেবে যোগদান করেন। ছাত্রজীবনে তিনি শেকৃবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং পরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৭-৯৮ সালে সাধারণ সম্পাদক থাকাকালীন পার্বত্য চট্টগ্রাম অভিমুখে লংমার্চে অংশগ্রহণকালে তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরে ১৯৯৯ সালে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগদানের পর ২০০২ সালে তিনি জাতীয়তাবাদী কৃষিবিদ প্যানেল থেকে কৃষিবিদ ইনস্টিটিউশনের ঢাকা মহানগর শাখার ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ ২০২২ সালের ১৮ জানুয়ারি জাতীয়তাবাদী কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
রেজিস্ট্রারের রুটিন দায়িত্ব পেয়ে মো. নজরুল ইসলাম বলেন, ‘ছাত্র রাজনীতি ও পেশাজীবী রাজনীতিতে আমি সবসময় জাতীয়তাবাদী আদর্শ সমুন্নত রাখার চেষ্টা করেছি। এমনকি যখন আওয়ামী দুঃশাসনে অনেকেই জাতীয়তাবাদী রাজনীতি থেকে সরে যান, তখনও ২০২২ সালে আমি এ্যাবের শেকৃবি শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করি। তারই পরিণতিতে আমাকে উপাচার্যের একান্ত সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এখন আমাকে রেজিস্ট্রারের রুটিন দায়িত্ব প্রদান করা হয়েছে। আমি আমার সততা ও দক্ষতা দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করে যাব।’
‘আমি এখন মুক্ত, এখন স্বাধীন’—কারামুক্তির পর বললেন আজহারুল ইসলাম